মেহেরপুরের গাংনীতে আলগামন উলটে নাহিদ হোসেন (১৮) নামে এক পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
বুধবার (১৮ জুন) বেলা সাড়ে ৩টার দিকে গাংনী কাথুলি সড়কের চৌগাছা মাঠে এ ঘটনা ঘটে।
এ সময় আলগামন উলটে আহত নাহিদকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত দুজন হলেন আলগামন চালক সামিউল ইসলাম ও নিহতের বন্ধু আজমান হোসেন।
নিহত নাহিদ গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামের বাবুল হোসেনের ছেলে। তিনি এবছর এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।