চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পণ্য ডেলিভারি দিতে গিয়ে ভ্যান উল্টে মোহাম্মদ একরাম হোসেন (১৫) নামের এক ডেলিভারি ম্যান নিহত হয়েছে।

রোববার (২৩ মার্চ) দুপুর ১২টায় উপজেলার জুঁইদন্ডী লামা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ একরাম হোসেন বারখাইন ইউনিয়নের পশ্চিম ঝিওরী এলাকার মোহাম্মদ মুছার ছেলে।

নিহতের পিতা মোহাম্মদ মুছা জানান, স্কুল বন্ধ থাকায় আমার ছেলে পণ্য ডেলিভারির কাজ করতো। আজ সকাল ৮টার দিকে পণ্য ডেলিভারি দিতে গিয়ে জুঁইদন্ডী লামা বাজার এলাকায় গেলে গাড়ি উল্টে তার উপর পড়ায় গুরুতর আঘাত পায়। তৎক্ষণাত তার সাথে থাকা ড্রাইভার মোহাম্মদ নিষাদ আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আমার চার ছেলে সন্তানের মধ্যে সে সবার ছোট। সে সপ্তম শ্রেণিতে পড়তো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, দুপুর ১টার দিকে মৃত অবস্থায় একরাম নামের একজনকে হাসপাতালে আনা হয়। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।