কক্সবাজারের টেকনাফে সমুদ্র উপকূল থেকে ১১ জন জেলেসহ পাঁচটি মাছ ধরার ট্রলার আটক করে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরের দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ১৫ কিলোমিটার দূরে সাগর থেকে মাছ শিকার শেষে উপকূলে ফেরার সময় আরাকান আর্মি তাদের অপহরণ করে।
টেকনাফ ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জেলেসহ ট্রলার অপহরণের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মাছ শিকার শেষে টেকনাফে ফেরার সময় সাগরে মিয়ানমারের জলসীমার কাছাকাছি এলাকা থেকে ১১ জেলেসহ পাঁচটি ট্রলার অস্ত্রের মুখে জিম্মি করে আরাকান আর্মি তাদের অপহরণ করে।
এর মধ্যে তিনটি ট্রলার টেকনাফ এলাকার এবং দু’টি ট্রলার শাহ্পরীর দ্বীপ এলাকার বলে জানা গেছে। এর মধ্যে দু’টি ট্রলারের তথ্য পাওয়া গেলেও বাকি তিনটি ট্রলারের মালিক ও মাঝি-মাল্লার তথ্য এখনো পাওয়া যায়নি।
টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আশিকুর রহমান জানান, ‘জেলেসহ ট্রলার ধরে নিয়ে যাওয়ার বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। এ বিষয়ে তথ্য নিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, ‘মাছ ধরার ট্রলারসহ জেলেদের ধরে নেয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীদের সাথে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হচ্ছে।’