চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ওয়াজিহা জান্নাত আয়াত নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ মে) বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এরশাদ আলী সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত ওয়াজিহা জান্নাত আয়াত স্থানীয় তৈয়বুল করিমের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলছিল আয়াত। এসময় সবার অজান্তেই পুকুরে পড়ে যায় শিশুটি। পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়। ডাক্তার তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে।’