গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘আমরা যদি ফ্যাসিবাদকে একদম দূর করতে না পারি তাহলে এ দেশ ঠিক হবে না। বিগত সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম ও হত্যাসহ বিভিন্নভাবে হয়রানি করেছে। তারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ফলে চব্বিশের গণঅভ্যুত্থানে মানুষের ক্ষোভ স্ফুলিঙ্গ হয়ে ফুটে উঠেছিল। এর কারণে আন্দোলন সফল হয়। ঐতিহাসিক এ গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন তারা আমাদের নতুন যাত্রার দিশারী।’
রোববার (২৭ জুলাই) বিকেলে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘জুলাই শহীদ স্মরণে’ টাঙ্গাইল জেলা গণসংহতি আন্দোলনের আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ‘শহীদদের দেয়া প্রাণকে যদি আমরা মর্যাদা দিতে চাই ও নিজেদের ভবিষ্যৎকে তৈরি করতে চাই তাহলে আমাদের নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্দোবস্ত তৈরি করতে হবে। যিনি প্রধানমন্ত্রী হন, তিনি তার পকেটে সব ক্ষমতা নিয়ে চলেন। আর সেই ক্ষমতা খাটিয়েই শেখ হাসিনা জনগণের প্রতি স্টিম রুলার চালিয়েছেন। জনগণের ভোটের অধিকারসহ সব অধিকার কেড়ে নিয়েছিলেন।
টাঙ্গাইল সদর উপজেলা গণসংহতি আন্দোলনের সভাপতি মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা সভাপতি ফাতেমা রহমান বিথি, গণসংহতি আন্দোলনের টাঙ্গাইল পৌর কমিটির সদস্য সচিব ফারজানা জেসমিন ও জুলাই শহীদ মারুফের মা মোর্শেদা বেগম।