সাভারে দুর্বৃত্তের ছোড়া গুলিতে শাহিন (৩০) নামে এক যুবককে মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে শাহিনকে হত্যা করার ১২ ঘণ্টা পার হলেও ঘটনার সাথে জড়িত কোনো ব্যক্তিকে এখনো গ্রেফতার বা হত্যার কারণ জানা যায়নি বলে সাভার মডেল থানার (এসআই) মো: মোতাসিন বিল্লাহ নয়া দিগন্তকে নিশ্চিত করেন।

সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় এ ঘটনা ঘটে।

শাহিন কুমিল্লা জেলার দেবিদ্বারের কাদঘর গ্রামের কবির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গেল সোমবার রাতে শাহিন সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার গ্যারেজের পাশ দিয়ে এক ব্যক্তির সাথে হেঁটে যাচ্ছিলেন। পরে তার মাথায় গুলি করে ওই ব্যক্তি পালিয়ে যান। এরপরে শাহিন একটি বিদ্যুতের খুঁটি ধরে কিছু সময় দাঁড়িয়ে ছিলেন। পরে তিনি সড়কে অচেতন হয় পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরই মধ্যে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সিসিটিভি ফুটেজ দেখে মোটামুটি বোঝা যাচ্ছে ঘটনার সাথে জড়িতদের। সিসিটিভি ফুটেজে এক যুবককে সাদা রঙের টি-শার্ট পরাবস্থায় দেখা গেছে। এছাড়াও আরো বেশ কয়েক যুবককে দেখা গেছে।

সাভার মডেল থানার (এসআই) মো: মোতাসিন বিল্লাহ জানান, লাশের ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি বলেও জানান তিনি।