শাহাদাত হোসেন জুয়েল, মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ডাসারে ফার্নিচার দোকানে রাখা কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে নজরুল ইসলাম নিরব শরীফ (১৩) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় দোকান মালিক আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিরব ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রাম গ্রামের হানিফ শরীফের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে গোপালপুর এলাকার একটি গ্যারেজে কাজ করছিল নজরুল। হঠাৎ দোকানে থাকা কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরিত হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত শ্রমিক নিরব ও দোকান মালিক রবিউলকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান মাহমুদ বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আহত দোকান মালিক রবিউলকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’