ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪-এর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল করা হয়েছে।
রোববার (২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে পাঁচ শহীদ পরিবার ও আহত ২৩ পরিবারকে নিয়ে দোয়া মাহফিল শেষে তাদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, পবিত্র রমজান মাসে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের যাতে কষ্ট না হয়, সে বিবেচনায় জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ইফতার সামগ্রী দেয়া হয়েছে।
বিতরণের সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, ফেরদৌস কোরাইশী টিটু, নীলকণ্ঠ আইচ মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসানুর রহমান সজিব, সাকিবুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।