মাদারীপুরের ডাসার উপজেলায় ঘুমের মধ্যে মুখে কাঁথা পেঁচিয়ে দমবন্ধ হয়ে স্নেহা নামে আড়াই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ জুন) সকালে গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রাম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত স্নেহা পূর্ব বড়গ্রাম এলাকার লিবিয়া প্রবাসী সোহাগ সরদার ও গৃহবধূ সালমা বেগমের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে শিশুকে বিছানায় ঘুম পাড়িয়ে রান্নার কাজে ব্যস্ত ছিলেন মা সালমা বেগম। প্রায় এক ঘণ্টা পর ঘরে ফিরে এসে দেখতে পান, বিছানায় থাকা কাঁথা স্নেহার মুখমণ্ডলে পেঁচিয়ে আছে এবং সে ছটফট করছে। দ্রুত শিশুটিকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: রাজেশ মণ্ডল বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: এহতেশামুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।