ফরিদপুর শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজীব আহমেদকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের শোভারামপুর স্লুইচগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সজিব আহমেদ ফরিদপুর শহরের শোভারামপুর মহল্লার বাসিন্দা মজিবুর রহমানের ছেলে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৫ মার্চ জেলা ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে সজিব আহমেদকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক এসআই ফাহিম ফয়সাল তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের শোভারামপুর স্লুইচগেট এলাকা হতে জনৈক আক্কাসের গরুর ফার্মে ইয়াবা সেবনের সময় সজিবকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এজাহারভুক্ত আসামি সজিব আহমেদকে ওই মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, গ্রেফতার সজিব আহমেদ একাধিক মামলার আসামি। তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।