কক্সবাজার শহরে ইজিবাইক চালককে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যার আট ঘণ্টার ব্যবধানে জড়িত তিন সহোদরসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাসহ বেশ কিছু অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতাররা সবাই ইজিবাইক চালক এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তারা ইজিবাইক চালক পেশার আড়ালে ছিনতাইসহ নানা অপরাধ সংঘটনের সাথে জড়িত।

সোমবার (১৭ মার্চ) বিকেলে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল ইসলাম।

আটকরা হলেন- কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হালিমা পাড়ার মোহাম্মদ হোসেন ওরফে মাছনের ছেলে মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ আনোয়ার ও মোহাম্মদ ইমরান এবং ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া পাড়ার বাসিন্দা মোহাম্মদ করিম।

নিহত মুজিবুর রহমান (৩৫) কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হালিমা পাড়ার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে।

লে: কর্নেল কামরুল ইসলাম বলেন, কিছুদিন আগে কিস্তিতে নেয়া আনোয়ারের মালিকানাধীন একটি ইজিবাইক চুরির ঘটনা ঘটে। আর সেই ইজিবাইকটি মুজিবুর রহমান চোর চক্রের কাছ থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে ছাড়িয়ে আনেন। পরে গাড়িটি ওই টাকা পরিশোধের শর্তে আনোয়ার কাছে হস্তান্তর করেন। টাকাগুলো পরিশোধ না করায় আনোয়ারকে মুজিবুর রহমান চাপ প্রয়োগ করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।

রোববার (১৬ মার্চ) রাতে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বউবাজার এলাকায় জনৈক ইয়াছিন আরাফাতের ইজিবাইকের গ্যারেজে পূর্ব শত্রুতার জেরে মুজিবুর রহমানকে অতর্কিত অবস্থায় মোস্তফা, আনোয়ার ও ইমরানসহ আরো কয়েকজন মিলে মারধর শুরু করে। এক পর্যায়ে হামলাকারিদের উপর্যুপরি ছুরিকাঘাতে মুজিবুর রহমান আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।