তীব্র গরমে হাঁসফাস করছে চুয়াডাঙ্গার জনজীবন। বেলা গড়ানোর পর থেকেই তীব্র রোদের তাপ বাড়ছে, বাড়ছে গরমের অনুভূতি। বাতাসেও মিলছে না স্বস্তি। শুক্রবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।

শনিবার (২৯ মার্চ) দুপুর ৪টার দিকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। ফলে দু’দিন ধরেই মাঝারি তাপপ্রবাহ বয়ে চলছে।

তীব্র গরমে ঘর থেকে বাইরে বের হওয়া মানুষদের পড়তে হয়েছে চরম বিড়ম্বনায়। রাস্তাঘাটে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। ঈদকে সামনে রেখে খেটে খাওয়া ও দিনমজুর মানুষরা ঘরে বসে থাকতে পারছে না। কাজের প্রয়োজনে ছুটে চলছে মাঠ-ঘাট কিংবা হাটে। বাইরে বের হলেও একটু পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়ছে। অনেকেই অলস সময় কাটাচ্ছেন, আবার কেউ কেউ গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, ‘দুয়েকদিন ধরে তীব্র গরম পড়ছে। সহসাই তাপমাত্রা কমছে না। আগামী কয়েকদিন তাপমাত্রা আরো বাড়তে পারে।’