কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আন্তরিকতা ও প্রচেষ্টায় অপহরণ ৫৫ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে নাফ নদী হয়ে টেকনাফ পৌরসভা ট্রানজিট জেটিঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়।
টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বুধবার বিকেলে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিগত সময়ে টেকনাফের নাফ নদীর মোহনা ও সমুদ্র উপকূলে মিয়ানমারের পানিসীমায় মাছ ধরার সময় ৫৫ জন জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের আরকান আর্মি। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের নিজেদের হেফাজতে রাখে তারা।
এদিকে জেলেরা নাফনদী ও বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় ভুলবশত বাংলাদেশ-মিয়ানমার পানিসীমান্তের শূন্য লাইন অতিক্রম করার কারণে মিয়ানমারের পানিসীমায় গেলে তাদের নৌকাসহ আটক করে আরাকান আর্মি। পরবর্তী সময়ে আটক জেলেদের ফিরিয়ে আনতে আরাকান আর্মির সাথে কার্যকরী যোগাযোগ স্থাপন ও দীর্ঘ মধ্যস্থতা করে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন। পরে আটক জেলেদের ফেরত দেয় তারা।
এদিকে বিকেলে জেলেদের ফেরত পেয়ে পরিবারের কাছে তাদের হস্তান্তর করে বিজিবি।
আটক জেলেদের সফল প্রত্যাবর্তনের মাধ্যমে আবারো সর্বসাধারণের আস্থার কার্যকরী প্রতিফলন ঘটালো বিজিবি।