বগুড়ায় চুরির মামলায় অভিযানের সময় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এতে এক এএসআই-সহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই হাসান আলী, কনস্টেবল মোদাসের হোসেন ও সজীব হোসেন।
পুলিশ জানায়, শাজাহানপুর থানার একটি চুরির মামলায় রনি (৩০) নামের এক আসামিকে গ্রেফতারে গেলে তিনি চিৎকার শুরু করেন। তখন পলাতক আসামি শাপলা খাতুন ও তার স্বামী আশিকের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন নারী-পুরুষ লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
পুলিশের দাবি, শাপলা খাতুন বটি দিয়ে এএসআই হাসানকে কোপানোর চেষ্টা করেন। পরে মোদাসেরকে কোপাতে গেলে তিনি বাঁ হাত দিয়ে ঠেকিয়ে গুরুতর জখম হন। সজীবকে লোহার রড দিয়ে আঘাত করলে তার পিঠে ফোলা জখম হয়।
এদিকে, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সদর থানার ওসি ও ডিবি ইনচার্জের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় রনি (৩৪), শামীম (৬০), ইস্রাফিল হোসেন (৪০), কবির হোসেন (২৪), বেহুলা (৩৫) ও রুবি বেগমকে (৩৪) গ্রেফতর করে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ‘হামলাকারীরা পুলিশের ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা করেছিল। স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।’