চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকা চাওয়া নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাতে মানিক (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টায় পরৈকোড়া ইউনিয়নে ভেন্ডারঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
মানিক পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের মোহাম্মদ সৈয়দের ছেলে।
সূত্রে জানা গেছে, টাকা পাওয়ানাকে কেন্দ্র করে রাসেল ও অপর এক যুবকের সাথে নিহতের বাগ্বিতণ্ডা হয়। বাগ্বিতণ্ডার এক পর্যায়ে রাসেল তার হাতে থাকা ছুরি দিয়ে মানিককে ছুরিকাঘাতে জখম করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ২টায় মৃত্যুবরণ করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন বলেন, ‘টাকা পাওনাকে কেন্দ্র করে রাসেল ও এক যুবকের হাতে মানিক নামে একজন ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে বলে শুনেছি। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।’ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।