রাজধানীর হাজারীবাগের ঝাউচর বাজারের আমরা টাওয়ারের একটি বাসা থেকে সিনথিয়া আক্তার (২৪) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
পরিবার দাবি করেছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিনথিয়া নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শিবির গ্রামের মোহাম্মদ নজরুল ইসলামের মেয়ে। তিনি বর্তমানে স্বামী ইব্রাহিম চৌধুরীর সাথে হাজারীবাগের আমরা টাওয়ারে বসবাস করতেন।
সিনথিয়ার ভাই মোহাম্মদ রুবেল জানান, ‘সকালে খবর পাই আমার বোন অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যালে নেয়া হয়েছে। পরে হাসপাতালে গিয়ে দেখি, সে মারা গেছে।’
তিনি আরো জানান, ‘এক বছর দুই মাস আগে ইব্রাহিম চৌধুরীর সাথে আমার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার স্বামী শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। গতকাল তার বুকে পিস্তল ঠেকিয়ে আত্মহত্যার হুমকি দেয়া হয়।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।