মুন্সিগঞ্জের গজারিয়ায় কালিরচর গুয়াগাছা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক শনিবার (১৫ মার্চ) জানান, গোয়েন্দা সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের দীর্ঘদিন যাবত একদল সন্ত্রাসী অস্ত্র দেখিয়ে অভ্যন্তরীণ নৌরুটে চলাচলত নৌযান থেকে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ অন্যান্য অপকর্ম করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে কোস্টগার্ড ঢাকা জোন এবং গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল বোটটিকে থামার সংকেত দেয়। বোটটিতে অবস্থানরত সন্ত্রাসীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সংকেত অমান্য করে বোটটি দ্রুত নদীর পাড়ে ঠেকিয়ে পালিয়ে যায়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং একটি দেশীয় অস্ত্র পাওয়া যায়।
তিনি আরো বলেন, এব্যাপার আইনগত ব্যস্থা নিতে অস্ত্র ও নৌকা গজারিয়া থানায় হস্তান্তর করা হচ্ছে।