একই জমিতে ফসলের আবাদ, সৌরবিদ্যুৎ উৎপাদন এবং সৌর সেচপাম্পকে জাতীয় গ্রিড সঞ্চালন ব্যবস্থার সাথে যুক্ত করার সমন্বিত এক যুগান্তকারী প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার উজলপুর গ্রামের বেদেপোতা মাঠে দেশের একমাত্র এই সমন্বিত উদ্যোগটির শুভসূচনা হয়।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে জার্মানভিত্তিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জিআইজেড বাংলাদেশ ও বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ খালেকুজ্জামান প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) পরিচালক (উপসচিব) প্রকৌশলী মুজিবুর রহমান। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক নাসিফা আলী, ইউরোপীয় ইউনিয়নের পরিবেশ ও জ্বালানি বিষয়ক প্রতিনিধিদলের ব্যবস্থাপক তানজিনা দিলশাদ এবং জিআইজেড বাংলাদেশের এনার্জি ক্লাস্টার কো-অর্ডিনেটর স্টায়ানক স্টিচ।

প্রকল্পের সমাপনী পর্বে বক্তব্য রাখেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (আইডকল) ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মুনিরুল ইসলাম, কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার ক্রিস্টিন সিস এবং ঢাকাস্থ জার্মান দূতাবাসের উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান উলরিচ ক্লেপম্যান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি জমির উৎপাদনশীলতা বজায় রেখে একই স্থানে সৌরবিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ দেয়া পরিবেশবান্ধব কৃষির ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এর মাধ্যমে কৃষকদের সেচ খরচ বহুলাংশে কমে আসবে এবং জাতীয় গ্রিডে পরিচ্ছন্ন জ্বালানি যুক্ত হবে।

অনুষ্ঠানে স্থানীয় কৃষকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। উদ্বোধনী পর্ব শেষে আমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা ও এক মনোজ্ঞ দেশীয় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আয়োজকদের প্রত্যাশা, এই জলবায়ু-সহনশীল মডেলটি ভবিষ্যতে সারাদেশে ছড়িয়ে পড়ে কৃষিখাতে বড় পরিবর্তন আনবে।