ঢাকার আশুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের ভাই রুবেল মণ্ডলকে (৩৫) দিনেদুপুরে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ মে) দুপুরে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রামের দেউন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রুবেল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিনপাড়া এলাকার নায়েব আলী মণ্ডলের ছেলে। তিনি আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য রুহুল আমীন মণ্ডলের ছোট ভাই।

পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার পাড়াগ্রামের দেউনের একটি নির্জন স্থানে রুবেলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে এক-দুই ঘণ্টা আগে হত্যা করে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানায়, রুবেলকে সকালেও এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। কিন্তু পরে আর তাকে এলাকায় দেখা যায়নি। দুপুরে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) কামাল হোসেন বলেন, লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।