গাজীপুরে মোবাইল চোর সন্দেহে গণপিটুনি দিয়ে ফল ব্যবসায়ী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ মে) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রতনপুর গ্রামের মৃত আব্দুল হাই আকন্দের ছেলে রফিকুল ইসলাম রনি (৪২), তার স্ত্রী ছালমা বেগম (৩৭) ও গাজীপুর মহানগরীর কোনাবাড়ী (হরিণাচালা) এলাকার মৃত মেহের আলীর ছেলে এস এম রফিকুল ইসলাম (৬০)।
এর আগে, রোববার মহানগরের কোনাবাড়ি এলাকায় মোবাইল চোর সন্দেহে জুয়েল তালুকদার (৪৩) ও তার আব্দুল হক নামে দুই ব্যক্তিকে গণপিটুনি দেয়া হয় । এতে জুয়েল তালুকদার নিহত ও আব্দুল হক গুরুতর আহত হন।
পরে নিহতের স্ত্রী কোনাবাড়ি থানায় মামলা করলে পুলিশ রোববার (২৫ মে) কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। সোমবার (২৬ মে) সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।
নিহত জুয়েল তালুকদার (৪৩) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া বাজার এলাকার কছিমুদ্দিন তালুকদারের ছেলে। তিনি গত ছয় বছর ধরে আমতলা (পারিজাত) এলাকায় হোসেন আলীর বাসায় ভাড়া থেকে চাকরি করতেন। সম্প্রতি জন্ডিস রোগে অসুস্থ হয়ে পড়ায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন এবং মাঝে মাঝে মৌসুমি ফলের ব্যবসা করতেন। এ ঘটনায় গুরুতর আহত আব্দুল হক আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।