গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় রাস্তা পারাপারের সময় নুরী বেগম (৩৮) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

নুরী বেগম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভেদাইটারী গ্রামের আশরাফুল আলমের মেয়ে। তিনি দেওয়ালিয়া বাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় ওরিয়েন্ট এলিউর লিনজেরি লিমিটেড পোশাক কারখানায় জুনিয়র অপারটর পদে চাকরি করতেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কর্মস্থল থেকে ফেরার পথে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত দ্রুতগতির বাস চাপায় ঘটনাস্থলেই ওই পোশাক শ্রমিকের মৃত্যু হয়। দুর্ঘটনায় নারী পোশাকশ্রমিকের একটি পা বিচ্ছিন্ন হয়ে মাথার খুলি ফেটে যায়। পোশাকশ্রমিক নারীকে চাপা দিয়ে অজ্ঞাত বাসটি দ্রুতগতিতে চলে যায়।

গাজীপুর মেট্রোপলটিন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানার এসআই পাপন হোসেন জানান, ৯৯৯ খবর পেয়ে ঘটনার সময় রাত ১১টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ওই নারীর ছিন্নবিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।