কক্সবাজারের পেকুয়ায় পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ মনির উদ্দিন প্রঃ মনু (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ।
আজ মঙ্গলবার ভোর রাতে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলেকদিয়াকাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পেকুয়া থানা পুলিশের অভিযানিক টিম এস আই পল্লব ঘোষ ও এএসআই শাহিন খন্দকারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
মনির উদ্দিন প্রঃ মনু পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলেকদিয়া কাটা এলাকার মরহুম কবির আহম্মদের ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানা এলাকায় শিলখালী ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকায় একজন অস্ত্রধারী আত্মগোপনে রয়েছে এমন খবরের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালায় এসআই পল্লব ঘোষের নেতৃত্বে পুলিশের টিম। পুলিশ দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে এবং তার দেয়া স্বীকারোক্তি মতে তার বাড়ির গোয়াল ঘরে থেকে একটি দেশীয় তৈয়রি এলজিসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পেকুয়া থানায় একাধিক মামলা রয়েছে।
ওসি আরো জানান, রাজনৈতিক কার্যক্রম স্থগিত হওয়ার পর আওয়ামী লীগ ওই এলাকায় কোনো নাশকতার পরিকল্পনা করছে কি না তা ব্যাপকভাবে তদন্ত করা হচ্ছে এবং যেকোনো নাশকতা দমনে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে।