বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা আমির আহসান হাবিব মাসুদ বলেছেন, ‘নতুন বাংলাদেশে ধর্মীয় অনুষ্ঠানে বাধা আসবে এটা আমরা কোনোভাবেই কামনা করি না।’
বুধবার (১৯ মার্চ) বিকেলে শহরের কোদালিয়া ঈদগা মাঠে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
এর আগে টাঙ্গাইল শহরের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিলে বাধা দেয় ছাত্রদল। তবে শেষ পর্যন্ত বাধা উপেক্ষা করে ইফতার মাহফিল সম্পন্ন করেন নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে কোদালিয়া ঈদগাহ মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের আনুষ্ঠানিকভাবে দাওয়াত না দেয়ায় তারা বিগড়ে যান। আসরের নামাজের পর আয়োজকরা মাহফিল শুরু করতে চাইলে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল বাতেনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল এতে বাধা দেন। তারা প্যান্ডেলের ভেতরে ঢুকে হট্টগোল সৃষ্টি করে এবং মাহফিলের সাউন্ড বক্স বন্ধ করে দেয়। এসময় জামায়াতের নেতাকর্মীরাও মাহফিল বাস্তবায়নে শক্ত অবস্থান নেয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকরা সেখানে উপস্থিত হন।
পরে মাহফিলের প্রধান অতিথি জামায়াতের জেলা আমির আহসান হাবিব মাসুদ বাধা প্রদানকারী বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের সাথে কথা বলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে পরিস্থিতি শান্ত হলে ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়।
এ ঘটনায় জামায়াতের জেলা আমির আহসান হাবিব মাসুদ বলেন, ‘বিএনপি ছাত্রদলের এমন কর্মকান্ড সত্যিই দুঃখজনক।’