রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের কারণে বাংলাদেশের কক্সবাজারে পালিয়ে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনা ও বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যসহ ৪০ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার (৭ মে) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের একটি বিশেষ বিমানযোগে তাদের পাঠানো হয়।

বিজিবির কক্সবাজার জোনের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান বলেন, ‘রাখাইনে সংঘাত শুরু হওয়ার পর সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে ৪০ জন ব্যক্তি বাংলাদেশে ঢুকে আশ্রয় নেয়। এদের মধ্যে ১৩ জন মিয়ানমার সেনা সদস্য ও ২১ জন বিজিপি সদস্য ছাড়াও কিছু সাধারণ নাগরিক রয়েছে। আজ সকালে তাদের কক্সবাজার বিমানবন্দরে কড়া পাহারায় নিয়ে আসা হয়। পরে মিয়ানমার থেকে আসা বিজিপি কর্মকর্তাদের কাছে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।’

এর আগে মিয়ানমার থেকে পালিয়ে আসা ৮৭৬ জনকে চার ধাপে ফেরত পাঠানো হয়েছে। একইভাবে মিয়ানমারে আটক থাকা ২১৪ জন বাংলাদেশী নাগরিকও তাদের দণ্ড শেষ করে দেশে ফিরে এসেছে।