সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বদলি করা হয়েছে। তার স্থলে নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দফতরের ডিআইজি সারোয়ার মোর্শেদ শামীম।

পুলিশ প্রশাসনে সরকারের সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবে এসএমপির শীর্ষ কর্মকর্তার পদে এই পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপ-সচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসএমপির বর্তমান কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, পুলিশ সদর দফতরে কর্মরত ডিআইজি সারোয়ার মোর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

একই রদবদলে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।