সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নতুনপাড়া এলাকায় স্ত্রী রুমানা আক্তারকে (২০) হত্যা করে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে লাশ নিয়ে যেতে বললেন স্বামী।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর স্বামী সাজ্জাদ হোসেন মানিক তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে পালিয়ে যায়।
পুলিশ জানায়, কয়েকদিন আগে নওগাঁ থেকে সাজ্জাদ হোসেন মানিক স্ত্রীকে নিয়ে সাভারে তার ভাইয়ের ভাড়া বাসায় বেড়াতে আসেন। পরে পারিবারিক কলহের জের ধরে সাজ্জাদ হোসেন মানিকের ভাই সকালে গার্মেন্টসে কাজে গেলে বেড়াতে আসা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী জরুরি সেবা নম্বর ৯৯৯ কল দিয়ে লাশ নিয়ে যেতে বলেন পুলিশকে।
পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ট্যানারি পুলিশ ফাড়ি ও সাভার মডেল থানার (এসআই) আমির হোসেন নয়াদিগন্তকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে। স্বামীকে আটক করতে অভিযান চলছে।