ঢাকার আশুলিয়ার বাইপাইল স্ট্যান্ড এলাকার ব্যবসায়ীর জানমাল রক্ষা এবং সকল ধরনের চাঁদাবাজি বন্ধের দাবিতে কাফনের কাপড় সাথে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকরা। এ সময় টিপু সুলতানসহ তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান ভুক্তভোগীরা।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ডে ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আশুলিয়ার বাইপাইল এলাকার সাধারণ ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকরা চাঁদাবাজ হাতকাটা টিপু সুলতানের আতঙ্কে থাকে। ঈদের আগে থেকে তার নেতৃত্বে পারভেজ, মাসুদ, কামালসহ তার বাহিনীর লোকজন প্রতিনিয়ত হুমকিসহ মারধর করে যাচ্ছে। এসব ঘটনায় আশুলিয়া থানায় ভুক্তভোগীরা বারবার অভিযোগ করলেও কোনো মামলা বা প্রতিহতের কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

বাইপাইল বাসস্ট্যান্ডের শাহাজাদপুর ট্রাভেলস ও হক এন্টারপ্রাইজের প্রোপাইটর জোবায়ের হোসেন জানান, হাতকাটা টিপু সুলতানের লোকজন হাসান, কাদের, বুলবুল ও জসিমসহ আরো কয়েকজন প্রতিনিয়ত তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে টাকা দাবি করে। এরই মধ্যে ভয়ে বিভিন্ন সময়ে তাদেরকে ৫২ হাজার টাকা দেয়া হয়েছে। চলতি মাসের সাত তারিখ আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমাকে না পেয়ে ম্যানেজারকে ভয়ভীতি দেখায় এবং ক্যাশ থেকে দুই হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাইনি।

এ সময় নূরুল ইসলাম দেওয়ানের সভাপতিত্বে এবং আমির আলী ভুইয়ার নেতৃত্বে শ্রমিকদলের ধামসোনা ইউনিয়নের সভাপতি আবিদুর রহমান পাষান, জুবায়ের হোসেনসহ বাইপাইল এলাকার সাধারণ ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।