গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছেন ঢাকার মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
সোমবার (১৬ জুন) পরিদর্শনকালে ১৪১ জনের এই প্রতিনিধি দলে এনডিসির ফ্যাকাল্টি, কোর্স মেম্বার এবং বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ অংশ নেন।
প্রতিনিধি দলের সদস্যরা বারির মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে বারির গঠন, গবেষণা কর্মকাণ্ড, কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ। এ সময় বারির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. মো: আব্দুর রশীদ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ এবং পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো: মতিয়ার রহমান।
এর আগে প্রতিনিধি দলটি বারির কাজী বদরুদ্দোজা মিলনায়তনের সামনে পৌঁছালে ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো: আব্দুল্লাহ ইউছুফ আখন্দ ও পরিচালকবৃন্দ তাদের আন্তরিকভাবে স্বাগত জানান।
মতবিনিময় শেষে প্রতিনিধি দল বারির বিভিন্ন উন্নত গবেষণাগার, প্রযুক্তিগত উদ্ভাবনী ইউনিট এবং গবেষণা মাঠ ঘুরে দেখেন। তারা বারির বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল ফসলের জাত, আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি নিয়ে বিস্তারিত অবহিত হন।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা বারির চলমান গবেষণা কার্যক্রম, কৃষির উন্নয়নে অবদান এবং উদ্ভাবনী অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তারা বারির বিজ্ঞানীদের গবেষণাকর্মে আরো সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।
অপরদিকে এর আগে জাতীয় প্রতিরক্ষা কোর্সের (এনডিসি) প্রতিনিধি দলটি সোমবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছেন। এ উপলক্ষে ব্রির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির মাননীয় মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। অনুষ্ঠানে ব্রির মহাপরিচালক প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং উচ্চ ফলনশীল জাতসহ বিভিন্ন লাগসই প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নের ক্ষেত্রে ইনস্টিটিউটটের অর্জন ও সাফল্য এবং জাতীয় অর্থনীতিতে এর অবদান সম্পর্কে সচিত্র উপস্থাপনার মাধ্যমে তাদের অবহিত করেন।
পরে এনডিসি প্রতিনিধি দল ব্রি রাইস মিউজিয়াম, ফার্ম মেশিনারি শেড, ব্রি জিন ব্যাংক পরিদর্শন করেন। এ সময় পরিদর্শন দলের সদস্যবৃন্দ ব্রির নানা সাফল্য ও অর্জন সম্পর্কে অবগত হন। রিয়ার এডমিরাল এ কে এম জাকির হোসেনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে ১৯টি দেশের ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ এ পরিদর্শনে অংশ নেন।
দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালি, শ্রীলঙ্কা, সৌদি আরব, চীন, দক্ষিণ সুদান, তানজানিয়া, জর্ডান, ওমান, কাতার, কুয়েত, কেনিয়া, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান ও জাম্বিয়া।
অনুষ্ঠানে ব্রির কর্মকর্তা ও পরিদর্শন দলের সদস্যদের মধ্যে অত্যন্ত প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বটি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো: রফিকুল ইসলাম, ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।
অনুষ্ঠানে পরিদর্শন দলের প্রতিনিধিদের হাতে ব্রির পক্ষ থেকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়। অনুষ্ঠানে ব্রির বিভাগীয় প্রধানগণ, ঊর্ধ্বতন বিজ্ঞানী, কর্মকর্তাগণ অংশ নেন। নিয়মিত শিক্ষা কার্যক্রমে অংশ হিসেবে এ সফরকালে দু’পক্ষের মধ্যে গবেষণা ও উন্নয়ন বিষয়ক ধারণা ও জ্ঞান এবং পারস্পারিক সৌহার্দ্য বিনিময় হয়েছে।