মেহেরপুরের গাংনীতে চিকিৎসা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়িতে যাওয়ার পথে ট্রাকচাপায় সামসুল হক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (৯ এপ্রিল) গাংনী উপজেলা তেঁতুলবাড়িয়া ভায়া নবীনপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত সামসুল হক গাংনী উপজেলার নওপাড়া নবীনপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
নিহত সামসুল হকের ছেলে শামীম হোসেন জানান, বুধবার সাড়ে ১০টার দিকে তার বাবা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে পাখি ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় নওপাড়া বাজার পার হয়ে নবীনপুর কাছাকাছি পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি দেখে তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে কুষ্টিয়া নেয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটি আটক করতে পারলেও ট্রাকের চালক পালিয়ে যান।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে।