ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে।

শনিবার (১৭ মে) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজির বাজার ও ভরাডোবা-ঘাটাইল সড়কে কৈয়াদী পল্টন পাড় এলাকায় ঘটনা দু’টি ঘটে।

জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজির বাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ধুমরে-মুচরে যায়। এ ঘটনায় উপজেলার ভাণ্ডাব গ্রামের কেরামত আলীর ছেলে অটোরিকশাযাত্রী মোবারক হোসেনসহ (৪৫) তিনজন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় মোবারককে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।

অপরদিকে ভরাডোবা-ঘাটাইল সড়কে সিএনজিচালিত অটোরিকশা সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাযাত্রী কৈয়াদী গ্রামের পল্টন পাড়ার ফয়েজ উদ্দিনের ছেলে অটোরিকশাযাত্রী আব্দুর রশিদ (৬৫) অটোরিকশা থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ও উথুরা ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন মিয়া ঘটনা দু’টির সদস্যতা নিশ্চিত করেন।