বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছাড়া কোনো শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না। শিক্ষা শুধু ভালো ফলাফল, চাকরি কিংবা অর্থ-সম্পদ অর্জনের মাধ্যম নয়, শিক্ষার প্রকৃত লক্ষ্য হলো সৎ, নৈতিক, মানবিক ও দায়িত্বশীল মানুষ তৈরি করা। ভালো ফলাফল জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও সততা, নৈতিকতা ও মানবিকতা দিয়ে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখাই একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য।

শুক্রবার (২৮ আগস্ট) যশোর পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার উদ্যোগে এ বছর এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

যশোর শহর শাখার সভাপতি উবাইদুল্লাহ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ড. যায়েদ আহমেদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুর ইসলাম এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদুল ইসলাম।