গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘গৃহাঙ্গনে অ্যাজোলা চাষ প্রযুক্তি এবং এর বহুমুখী ব্যবহার’ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের আয়োজনে ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দ্রুত বর্ধনশীল এবং প্রাকৃতিক নাইট্রোজেন সার হিসেবে ব্যবহার উপযোগী জলজ ফার্ন জাতীয় উদ্ভিদ অ্যাজোলার সার, পশু খাদ্য, মৎস্যখাদ্য, পানি সংরক্ষণে সহায়ক, পরিবেশ বান্ধব, সাশ্রয়ীসহ নানা উপকারী দিক তুলে ধরে গ্রামীণ উন্নয়ন ও টেকসই কৃষি এ প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য।

বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন গাকৃবি’র ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ। এ সময় অতিথি হিসেবে ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ এবং গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিনদ্বয়, গৃহাঙ্গনে অ্যাজোলা চাষ প্রযুক্তি উদ্ভাবনের গবেষণা দলের প্রধান প্রফেসর ড. মো: আমজাদ হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের অ্যাকোয়াকালচার বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

গাজীপুরের কাউলতিয়া, টোক, চান্দনা চৌরাস্তা ও ভূরুলিয়া থেকে ৪০ জন কৃষক-কৃষাণী প্রশিক্ষণে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে অ্যাজোলা চাষের পদ্ধতি, পুষ্টিগুণ ও ব্যবহারিক উপকারিতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করা হয়। ভিডিওটি প্রশিক্ষণার্থীদের মধ্যে অ্যাজোলা সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি এবং আগ্রহ উদ্দীপনার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে।