সড়ক দুর্ঘটনায় দেশে এপ্রিল মাসে ৫৮৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২১৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

আজ রোববার রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, এপ্রিল মাসে দেশের সড়কে ৫৯৩টি দুর্ঘটনায় ৫৮৮ জন নিহত হারিয়েছেন, আহত হয়েছেন ১১২৪ জন। নিহতদের মধ্যে ৮৬ জন নারী ও ৭৮ জন শিশু রয়েছেন।

এছাড়া সাতটি নৌ-দুর্ঘটনায় আটজন নিহত এবং চারজন আহত হন। আর রেলপথের ২২ দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরো জানানো হয়, বিভাগভিত্তিক পরিসংখ্যানে ঢাকা বিভাগে সর্বাধিক ১৭৩টি দুর্ঘটনায় ১৫৪ জন নিহত হয়েছেন। রংপুর বিভাগে সবচেয়ে কম ৩১টি দুর্ঘটনায় ৩২ জন নিহত হন। জেলা হিসাবে চট্টগ্রামে ৩৫টি দুর্ঘটনায় ৪৬ জন নিহত হন। নীলফামারীতে দুর্ঘটনা ঘটলেও কেউ নিহত হননি। রাজধানী ঢাকায় ৩৪টি সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে এসব সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা, মহাসড়কে স্বল্পগতির যান চলাচল এবং জনসাধারণের ট্রাফিক আইন না মানার কথা উল্লেখ করা হয়েছে।