চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের চাপায় আব্দুল আলম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার বটতলী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলম উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহর চান্দা গ্রামের মরহুম আশরাফ আলীর ছেলে বলে জানা গেছে।
নিহতের ভাতিজা দেলোয়ার হোসেন জানান, তার চাচা আব্দুল আলম একটি জরুরি কাজে চট্টগ্রাম শহরে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। সকাল ৮টার দিকে বটতলী স্টেশনে মক্কা হোটেলের সামনে থেকে গাড়িতে ওঠার জন্য তিনি মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কক্সবাজার অভিমুখে যাওয়া একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এ সময় চট্টগ্রাম নেয়ার পথেই আনুমানিক সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হয়। ট্রাকের চালক আটক আছেন। এ ঘটনায় আইনিব্যবস্থা নেয়া হচ্ছে।