রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারের আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ১১ তলা ভবনের টপ ফ্লোরে আগুন লেগেছিল।

ভবনটির পুরো ছাদজুড়ে একটি টিনশেড এবং তার ভেতরে বৈদ্যুতিক যন্ত্রাংশে পূর্ণ ছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো: ছালেহ উদ্দিন।

শনিবার রাত ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পয এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

মো: ছালেহ উদ্দিন বলেন, শনিবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে আমরা খবর পাই পুরানা পল্টনের একটি ভবনে আগুন লেগেছে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দু'টি গাড়ি ৮টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। আমাদের প্রথম দল আসার পর আগুনের ভয়াবহতা দেখে সাহায্য চায়। পরে আশপাশের ফায়ার স্টেশন থেকে আরো পাঁচটি দল ঘটনাস্থলে আসে। ১১ তলা ভবনের পুরো ছাদজুড়ে একটা টিনশেড ছিল। এই টিনশেডের ভেতরে প্রচুর পরিমাণে বৈদ্যুতিক যন্ত্রাংশ ছিল। ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা ছিল না। একটি দরজা ছিল মাত্র।

তিনি বলেন, ভবনের একদম উপরে হাওয়ায় পানির প্রেশার পাওয়া নিয়ে বেগ পেতে হয়েছিল। তারপরও ১২টা ২৫ মিনিটের দিকে আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।

এই বহুতল ভবনের আশপাশে আরো বহুতল ভবন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগুনটা আশপাশের ভবনে ছড়িয়ে যেতে পারতো। কিন্তু তা ছড়ায়নি।

প্রতিটা ভবনের মালিকদের আশপাশের ভবনের ছাদে অবৈধ স্থাপনা আছে কি না- সে বিষয়ে নজর রাখার পরামর্শ দেন মো: ছালেহ উদ্দিন।

তিনি বলেন, ছাদকে আশ্রয়স্থল বলা হয়। এই ভবনের নিচে যদি আগুন লাগতো তাহলে পুরো ছাদ বন্ধ থাকার কারণে অনেক প্রাণহানি হওয়ার সম্ভাবনা ছিল। ভাগ্যের বিষয় ছাদে আগুন লাগার কারণে লোকজন সব নিচে নেমে আসতে পেরেছে। কেউ আহত বা নিহত হননি।