রংপুরের গংগাচড়ায় গৃহবধূ সালেহা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, একজনের এক বছর ও তিনজনের ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে এই আদেশ দেয় রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা।
রাষ্ট্রপক্ষের কৌশলী আফতাব উদ্দিন জানান, যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত হয়েছেন গংগাচড়ার মূল ভাষা বামনটারীর চর এলাকার মৃত মোজাম্মেল ওরফে মোজাম শেখের পুত্র বুলবুল। তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
এছাড়াও মৃত মোজাম্মেল ওরফে মোজাম শেখের অপরপুত্র নুরুল আমিনকে এক বছর, নুর আলম ও লাল মিয়া এবং নুর আলমের স্ত্রী আফরোজা বেগমকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও তিন আসামিকে অব্যাহতি দেয়া হয়েছে।
মামলায় হলা হয়, পারিবারিক বিরোধের জেরে ২০১৮ সালে ৯ মার্চ দুপুরে গংগাচড়া মডেল থানার মৌভাষা বামনটারী চর এলাকায় বসতবাড়ির পশ্চিম পাশে সাজাপ্রাপ্তরা প্রতিবেশি সাজু মিয়া, স্ত্রী ছালেহা বেগম ও পুত্রকে মারপিট ও ধারালো দা দিয়ে কোপায়। পরে ছালেহা বেগমকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনায় নিহত ছালেহা বেগমের স্বামী মঞ্জুম আলী বাদি হয়ে গংগাচড়া থানায় আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন।
আসামি পক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক জানান, রাযয়ে ন্যায় বিচার প্রতিফলিত হয়নি। উচ্চ আদালতে আপিল করা হবে।