মাটি ও মানুষের কবি আবদুল হাই মাশরেকীর ১১৬তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনে বিশেষ অবদান রাখায় ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘মাশরেকী সম্মাননা ২০২৫’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। এই বিশেষ আয়োজনে কবির রচিত গজল পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী ওস্তাদ জামাল হাসান।

শনিবার (৩১ মে) জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘কবি আবদুল হাই মাশরেকী গবেষণা কেন্দ্র, ঢাকার উদ্যোগে জন্মোৎসব, গজল সন্ধ্যা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কবিপুত্র নঈম মাশরেকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সাবেক এমপি শাহ নুরুল কবির শাহিন, অভিনেতা ও আবৃত্তি শিল্পী শংকর সাঁওজাল এবং এটিএন বাংলার সিনিয়র উপদেষ্টা তাশিক আহমেদ উপস্থিত ছিলেন।

এবারের আয়োজনে সম্মানিত অতিথিবৃন্দ ১৫ জন বিশিষ্টজনের হাতে সনদ, কাঠখোদাই করা বিশেষ ক্রেস্ট এবং গামছাবান্ধা দই উপহার হিসেবে তুলে দেন।

এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল কবি আবদুল হাই মাশরেকী গবেষণা কেন্দ্র, ঢাকা এবং সহযোগী আয়োজক হিসেবে ছিল ‘জনপ্রশাসন’ পত্রিকা। মিডিয়া পার্টনার হিসেবে ছিল এটিএন বাংলা।