দেশের ৭ অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ সোমবার দুপুর ১টার মধ্যে ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর, (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেটের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ঝড়ের সাথে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এছাড়া, সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণও।