রাজধানী ঢাকা ও পাশের এলাকায় আজ সকাল থেকে আকাশে আংশিক মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে সারাদিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আজ মঙ্গলবার ঢাকা ও এর পাশের এলাকার জন্য দেয়া ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই।

এতে আরো বলা হয়েছে, এ সময় পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এছাড়া সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ।