ঢাকাসহ পাশের এলাকার দিনের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে। গরম বাড়ার পাশাপাশি এ সময় আবহাওয়াও শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে রাতে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

আজ মঙ্গলবার রাজধানী ঢাকাসহ পাশ্ববর্তী এলাকার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকাসহ পাশের এলাকায় দিনের তাপমাত্রা প্রায় সামান্য বাড়তে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এছাড়াও, আজ (মঙ্গলবার) সারাদেশের সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

সেইসাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিও হতে পারে। তাছাড়া, সারাদেশের দিন ও রাতের তাপামাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, গতকাল (সোমবার) যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় রংপুরে সর্বোচ্চ ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সূত্র : ইউএনবি