বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেয়া হয়েছে।
আবহাওয়াবিদ মো: তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এই সংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে।
এর প্রভাবে সমুদ্র বন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং এ সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
একইসাথে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।