রাজধানী ঢাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভ্যাপসা গরম থেকে আপাতত মুক্তি মিলছে না।

আজ সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং দিনের যেকোনো সময় সামান্য বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, ফলে গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা এবং দিনের যেকোনো সময় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।