ঈদুল আজহা উপলক্ষে আগামী বৃহস্পতিবার থেকে ১০ দিনের ছুটিতে যাচ্ছে দেশ। পরিবার-পরিজনের সাথে ঈদ করতে গত কয়েকদিন থেকেই ঘরমুখো মানুষের বাড়ি ফেরা শুরু হলেও ঈদযাত্রার মূল স্রোত শুরু হবে বৃহস্পতিবার থেকে। তবে ঘরে ফেরা মানুষের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে গত কয়েকদিন ধরে হতে থাকা বৃষ্টি।

বৃষ্টিপাতের পরিমাণ কমলেও সারাদেশেই কমবেশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে এখনো। ফলে এই সময়ে ঈদযাত্রা কতটা স্বস্তির বা ভোগান্তির হবে, তা নিয়ে অনেকের মনেই রয়েছে সংশয়।

এ ব্যাপারে আবহাওয়া অধিদফতর বলছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একইসাথে ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

গেল বুধবার দেশের বেশিভাগ অঞ্চলেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর মধ্যে সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু’য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসাথে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পরবর্তী তিন দিন, অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার (ঈদের দিন) এই ধারা অব্যাহত থাকলেও বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

আবহাওয়ার খবর বলছে, এই সময়ে সারাদেশের দু’য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। ফলে বৃষ্টির কারণে ঈদযাত্রার শুরুর দিকে ভোগান্তি থাকলেও সময়ের সাথে সাথে তা ধীরে ধীরে কমে আসবে বলে ধারণা করা যায়।

গরম কেমন থাকবে?

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, ঢাকায় আজ (মঙ্গলবার) সকাল ৬টায় তাপমাত্রা ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস থাকলেও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড করা হয়ে এই বিভাগেই, সাতক্ষীরায় গতকাল সর্বোচ্চ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

বৃষ্টিপাতের মধ্যেও খুলনা বিভাগের জেলাগুলোতে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে বৃষ্টিপাতের কারণে পরের দু’দিন সারাদেশে গরম কিছুটা কমতে পারে। আবার তার পর থেকে বৃষ্টি কমার সাথে সাথে আবার বাড়তে থাকবে তাপমাত্রা।

এরপর ঈদের পর থেকে তাপমাত্রা আরো বাড়ার পূর্বাভাস দিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। ফলে ঈদ-পরবর্তী যাত্রায় বৃষ্টির বাগড়া কম হবে বলেই ধারণা করা হচ্ছে।