দুপুরের মধ্যে দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসাথে বজ্রবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (২১ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

আরো বলা হয়, ‘ঝড়ের ঝুঁকিতে থাকা এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়া অফিসের দেয়া এক তথ্যে জানানো হয়েছে, বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া, বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে এবং খুলনা ও বরিশাল বিভাগেও অস্থায়ীভাবে দমকা হওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানানো হয়।

একইসাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের অথবা ভারী বৃষ্টি হতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।