রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
রোববার সন্ধ্যায় আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, অতি ভারী বৃষ্টির কারণে সিলেট, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলাগুলোর পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কাও রয়েছে।
একই সাথে ভারী বৃষ্টির কারেণে ঢাকা চট্টগ্রাম মহানগরী এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতার হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে রোববার ভোরে পাহাড় ধসের কারণে খাগড়াছড়ির মহালছড়ির সাথে জালিয়াপাড়ার সড়কে যান চলাচলও কিছু সময়ের জন্য বন্ধ ছিল।
খাগড়াছড়ি থেকে স্থানীয় সাংবাদিক নুরুচ্ছাফা মানিক বিবিসি বাংলাকে জানিয়েছেন, ভারি বৃষ্টিপাতের কারণে জেলার বেশ কয়েকটি জায়গায় পাহাড় ধস হয়েছে। কিছু কিছু জায়গায় পাহাড় ধসে সড়কের ওপর পড়ছে।
এছাড়া খাগড়াছড়ির নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী কয়েকটি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পাহাড় ধসের ঝুঁকিতে থাকা খাগড়াছড়ির অন্তত পাঁচ শতাধিক মানুষকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। তাদের জন্য চারটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
সিলেটে ভারী বৃষ্টিপাতের কারণে চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রাহয়ান বিবিসি বাংলাকে জানিয়েছেন, সিলেট জেলার সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি বর্তমানে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে।
সিলেট থেকে স্থানীয় সাংবাদিক গুলজার আহমেদ বিবিসি বাংলাকে জানান, সিলেটে চারটি পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে। বৃষ্টিপাত আরো বাড়লে সেসব এলাকার বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা রয়েছে। তবে এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানান তিনি।
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীগুলোর পানি সমতল আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে।