গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে ঢাকার বাতাসের মান মাঝারি থাকলেও তা ভালোর কাছাকাছি অবস্থান করছিল। তবে আজ ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে সেই বাধা পেরোতে পেরেছে বাংলাদেশের রাজধানী।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) তথ্য বলছে, ঢাকার বাতাসের একিউআই স্কোর ৩৯।

কণা দূষণের একিউআই মান যদি ০ থেকে ৫০-এর মধ্যে থাকে, তবে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ফলে আজ ঢাকার বায়ুমানের তুলনা কেবল বিশ্বের স্বাস্থ্যকর বাতাসের শহরগুলোর সাথে। ৩৯ একিউআই স্কোর নিয়ে ঢাকা আজ অবস্থান করছে দূষিত বাতাসের শহরগুলোর তালিকার ৮০ নম্বরে। এর ফলে আজ সকালে পর্তুগালের রাজধানী লিসবন (৫০), জাপানের টোকিও (৫০), কানাডার মন্ট্রিয়াল (৪৯), ফিনল্যান্ডের হেলসিঙ্কি (৪৭), ইতালির রোম (৪৭), যুক্তরাষ্ট্রের লেক সল্ট সিটি (৪৭) ও লস অ্যাঞ্জেলেস (৪৩) এবং নেদারল্যান্ডসের রটেরডামের (৪৬) মতো শহরগুলোকে পেছনে ফেলেছে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর অন্যতম ঢাকা।

পরিচ্ছন্নতায় এসব শহরের বেশিভাগের সুনাম থাকলেও ঢাকাবাসী আজ তাদের বাসিন্দাদের চেয়ে স্বাস্থ্যকর শ্বাস নিচ্ছে।

এই সময়ে মাত্র ৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ বায়ুর শহর রাশিয়ার ক্রাসনোইয়ার্স্ক। আর দু’দিন আগে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হওয়া অস্ট্রেলিয়ার সিডনি রয়েছে এই তালিকার তিনে। সিডনির বায়ুমান এখন ১৩।

অন্যদিকে, ২০২ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে কুয়েতের রাজধানী কুয়েত সিটির নাম। ১৬৪, ১৫৯ ও ১৫৪ স্কোর নিয়ে তার পরেই রয়েছে যথাক্রমে মিসরের কায়রো, পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি।

কণা দূষণের একিউআই মান ৫১ থেকে ১০০-এর মধ্যে হলে ‘মাঝারি’, আর ১০১ থেকে ১৫০-হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেয়া হয়।

একিউআই সূচক ১৫১ থেকে ২০০-হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে।

বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। ‘শীতকালে’ এখানকার বায়ুমান সাধারণত সবচেয়ে খারাপ থাকে, আর ‘বর্ষাকালে’ তুলনামূলকভাবে উন্নত হয়। সূত্র : ইউএনবি