গত দু’দিনের তুলনায় ঢাকার বাতাসের মানে অবনতি হয়েছে। ঢাকার আজকের বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে, যা গত দু’দিন ছিল তৃতীয় স্থানে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে ১৭৭ একিউআই স্কোর নিয়ে শহরটি মানুষের স্বাস্থ্যঝুঁকি আবারো বাড়িয়েছে।
ভারতের দিল্লি, ভিয়েতনামের হ্যানয় এবং চীনের সাংহাই শহর যথাক্রমে ২২৭, ১৮৯ এবং ১৮৯ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ স্থান দখল করেছে।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেয়া হয়। ১৫১ থেকে ২০০-এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত ‘শীতকালে’ অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং ‘বর্ষাকালে’ উন্নত হয়। সূত্র : ইউএনবি