আন্তর্জাতিক হকি নিয়ে মহাব্যস্ত বাংলাদেশ হকি ফেডারেশন। এই মুহূর্তে চলছে অনূর্ধ্ব-২১ হকি দলের বিশ্বকাপের প্রস্তুতি। ২১ নভেম্বর থেকে ভারতে শুরু হবে এই বিশ্বকাপ। যে আসরে এবারই প্রথম খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। স্থানীয় কোচ আশিকুজ্জামান এবং মশিউর রহমান বিপ্লবের অধীনে দলের ক্যাম্প শুরু হলেও এখন যোগ দিয়েছেন নেদারল্যান্ডস থেকে আসা কোচ সেইগফ্রিড গোটলিয়েভ আইকম্যান। শনিবার (২ আগস্ট) তিনি মাঠে বসেই অনুশীলন দেখেছেন। কদিন আগে অনূর্ধ্ব-১৮ পুরুষ ও নারী হকি দল চীন সফর করে এসেছে। সেখানে নারী হকি দল অভিষেকেই তৃতীয় হয়। আর পুরুষ দল সেমিতে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হেরে চতুর্থ হয়ে দেশে ফিরেছে। এই দলগুলোর বিমান ভাড়া এবং ক্যাম্প খরচ যোগাতেই হিমশিম খাচ্ছে ফেডারেশন। তবে ঘরোয়া যে হকি লিগ তা কবে শুরু হবে তা নিশ্চিত হয়।
ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) রিয়াজুল হাসান আগে জানিয়েছিলেন চলতি আগস্টেই শুরু হবে প্রথম বিভাগ লিগ। তবে এখন তা এ বছরও টার্ফে গড়াবে কি না সন্দেহ। উল্লেখ্য, ২০২১ সালের পর আর প্রথম বিভাগ হকি মাঠে গড়ায়নি।
দু’ ক্লাবের মালিকানা হারিয়েছেন সাজিদ আদেল। হকির আগের কমিটির সময় জোর করে কম্বাইন্ড এবং হকি ঢাকা ইউনাইটেডের কাউন্সিলরশিপ কেড়ে নেয়া হয়। এর প্রতিবাদে সাজিদ আদেল আদালতে মামলা করেন। এতে প্রথম বিভাগ হকি লিগ আয়োজনে নিষেধাজ্ঞা। হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সাজিদ আদেল ফেরত চান এই দু’ ক্লাবের মালিকানা তথা কাউন্সিলর শিপ। এই নিয়েই জটিলতা। উল্লেখ্য প্রথম বিভাগ হকি লিগ না হলে প্রিমিয়ার ডিভিশন হকি লিগও শুরু করা যাচ্ছে না।
হকি ফেডারেশনের অবশ্য চেষ্টার কমতি নেই প্রথম বিভাগ লিগ আয়োজনের। সেক্রেটারি রিয়াজুল হাসানের মতে, ‘আমরা আমাদের কাজ শেষ করে রেখেছি। ১১ ক্লাবের সাথেই বসেছি। এখন তারা যখন খেলতে রাজী হবে তখনই লিগ শুরু করব।’ তবে এই যে ‘যখন খেলতে রাজী হওয়া’ এর কিন্তু নির্দিস্ট সময় নেই।
রিয়াজুল জানালেন, ‘ক্লাবগুলো আমাদের কাছে চার থেকে ছয় মাসের সময় চেয়েছে। এরপরই তারা লিগে অংশ নেবে।’
এই চার থেকে ছয় মাস যদি ধরা হয় তাহলে এ বছর হয়তো হকি লিগ আর মাঠে গড়াবে না।
অবশ্য আর্থিক বিষয়ই বড় সমস্যা ক্লাবগুলোর জন্য। তাই অপেক্ষার পালা।
রিয়াজুলের মতে, ‘প্রথম বিভাগে একটি দল গড়তে একেক ক্লাবের এক কোটি টাকা করে লাগবে। আসলে এই মুহূর্তে ক্লাবগুলোর এতো টাকা যোগাড়ের মতো অবস্থা নেই। তাই তারা সময় নিচ্ছে।’
এদিকে নারী হকিতে দেশব্যাপী টুর্নামেন্ট করার পরিকল্পনা নিয়েছে ফেডারেশন। সাধারণ সম্পাদক জানান, আমরা সারাদেশকে বিভিন্ন জোনে ভাগ করে নারীদের জন্য হকি টুর্নামেন্ট করার পরিকল্পনা নিয়েছি।