ক্রীড়া প্রতিবেদক, রিয়াদ সৌদি আরব

লং জাম্প। যে কোনো গেমসে অ্যাথলেটিক্সে অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট এই লং জাম্প। অতীতে সব গেমসেই এই লং জাম্প হয়েছে স্টেডিয়ামের ভেতরে। যে কোনো বড় ফুটবল স্টেডিয়ামে মূল মাঠের চার পাশে থাকে অ্যাথলেটিক্স ট্র্যাক। সেখানেই ট্র্যাকের পাশে থাকে লং জাম্পের ট্র্যাক। পদক জয়ের জন্য অ্যাথলেটরা সেই ট্র্যাকে লাফ দেন।

তবে সৌদি আরবের রিয়াদে গতকাল শেষ হওয়া ৬ষ্ঠ ইসলামী সলিডারিটি গেমসের অ্যাথলেটিক্সের জাম্প ইভেন্ট হয়েছে পাকা রাস্তার উপর। যদিও অ্যাথলেটিক্সের বাকি ইভেন্টগুলোর ভেন্যু ছিল প্রিন্স ফয়সাল বিন ফাহদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে।

রিয়াদের বলেভার্ড স্কয়ার ২ তে অবস্থিত মেইন মিডিয়া সেন্টার। এই সেন্টারের নীচ তলাতে বিশাল জিমনেশিয়ামে হয়েছে কুস্তি, ভারোত্তোলন, জি জুৎসু, তায়কোয়ানদো সহ অন্য ইনডোর ডিসিপ্লিনের খেলা গুলো। সেই মিডিয়া সেন্টারের সামনেই দুই ভবনের সামনের রাস্তায় পরশু রাতে হয়েছে লং জাম্প ইভেন্টের খেলা।

রাস্তার উপর কাঠ দিয়ে দুই-আড়াই ফুট উঁচু লম্বা মঞ্চ বানানো হয়েছে। সেখানে বসানো হয়েছে ট্র্যাক। এরপর জাম্প পয়েন্টে রাস্তার উপর চার পাশে কাঠের তৈরি গর্ত করা হয়। সেখানে ফেলা হয়েছে বালি। পরশু রাতে এই পরিবেশে প্রবাহমান ঠান্ডা বাতাসের মধ্যেই পদকের জন্য লড়েছেন উজবেকিস্তান, সেনেগাল, গায়ানা সহ বিভিন্ন দেশের লং জাম্পের অ্যাথলেটরা। অ্যাথলেটরা যখন জাম্পের জন্য দৌড় শুরু করতেন তখন তাদের পায়ের দপ দপ শব্দ। তাদের খুব কাছেই ছিল দর্শকদের উপস্থিতি। অবশ্য এতেও সমস্যা হয়নি অ্যাথলেটদের। লং জাম্পে স্বর্ণ জিতেছেন উজবেকিস্তানের ইব্রাহিম মাখখমভ। রৌপ্য পেয়েছেন সেনেগালের আমাদ ফায়ে। আর ব্রোঞ্জ গেছে দক্ষিণ আমেরিকান দেশ গায়ানার ইমানুয়েল আর্চিবাডের দখলে।

আসলে প্রিন্স ফয়সাল স্টেডিয়ামে ফুটবল মাঠের সাথে থাকা অ্যাথলেটিক্সের রানিং ট্র্র্যাকের পাশে জাম্প ইভেন্টের ট্র্যাক বসানোর আর জায়গা ছিল না। তাই রাস্তাই ছিল ভরসা।