হার দিয়ে শুরু হয়েছিল এশিয়া কাপ মিশন, প্রথম ম্যাচে পাত্তাই পায়নি মালেশিয়ার কাছে। তবে দ্বিতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা, চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে বিধ্বস্ত করে পেয়েছে জয়ের দেখা।

এশিয়া কাপ হকির ২০২৫ সালের আসরে একদম শেষ মুহূর্তে ডাক পায় বাংলাদেশ। তবে স্বল্প প্রস্তুতিতে অংশ নিয়ে প্রথম ম্যাচে সুবিধা করতে পারেনি টাইগাররা, তবে এবার আশরাফুলরা দেখিয়েছে নিজেদের শক্তি।

শনিবার (৩০ আগস্ট) ভারতের বিহারে রাজগীর স্পোর্টস হকি কমপ্লেক্সে বাংলাদেশের বাধা শুধু তাইনিজ তাইপে ছিল না, পরীক্ষা নিয়েছে ৩২ ডিগ্রি তাপমাত্রার গরমও। তবে সব জয় করেই ম্যাচটা জিতে নিয়েছে দল।

শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে বাংলাদেশ, সুফল মিলতেও তাই দেরি হয়নি। ম্যাচের চতুর্থ মিনিটেই মোহাম্মদ আব্দুল্লাহ গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। তবে একটু পর খায় বড় ধাক্কা।

১০ ও ১৮ মিনিটে টানা দু’ গোল করে লিড নেয় চাইনিজ তাইপে। মনে হচ্ছিল, দ্বিতীয় কোয়ার্টার শেষ করার আগে হয়তো পিছিয়েই থাকবে বাংলাদেশ। তবে তা হতে দেননি আব্দুল্লাহ।

২৬ মিনিটে মাঝ মাঠ থেকে আশরাফুলের বাড়ানো পাসে আলতো ছোঁয়ায় বল জালে পাঠান তিনি। ২-২ ব্যবধানে ড্র নিয়ে বিরতিতে যায় দু’দল। আর এরপরেই ঘুরে দাঁড়ায় টাইগাররা।

তৃতীয় কোয়ার্টারে একক আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। ৩৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত ড্রাগ ফ্লিকে ব্যবধান ৩-২ করেন সবুজ। এরপর একই মিনিটে জোড়া গোল করেন রকিবুল ইসলাম।

দু’টি গোলই আসে ৪২ মিনিটে। প্রথমটি মেহেদীর পাস থেকে। আর দ্বিতীয় গোলে অবদান কেবল তারই। ৪৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জোরালো শটে দলের ষষ্ঠ গোলটি করেন আশরাফুল।

আর ৫৬ মিনিটে অধিনায়ক রেজাউল ইসলাম বাবু পেনাল্টি কর্নার থেকে আরো একটি গোল উপহার দেন। আর দু’ মিনিট পর আশরাফুল ইসলাম দলের হয়ে অষ্টম গোলটি করেন।

বিপরীতে খেলার শেষ মিনিটে চাইনিজ তাইপে তৃতীয় গোল করে পরাজয়ের ব্যবধান কমায়।

সোমবার ‘বি’ গ্রুপ থেকে শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।